প্রতিকূল আবহাওয়া এবং কৃষ্ণ সাগরে যুদ্ধের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়ে দেওয়ায় আগস্ট মাসে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের শেষের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) শুক্রবার এ তথ্য জানিয়েছে। ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও খরা, মারাত্মক এল নিনো আবহাওয়ার আশঙ্কা এবং ইউক্রেন ও ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বাণিজ্য অস্থিরতা কৃষি বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। এর ফলে শস্যের দাম তিন বছরের মধ্যে এবং চিনির দাম এক বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এফএও খাদ্য মূল্য সূচক আগস্ট মাসে গড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে, যা জুলাই মাসের সংশোধিত ১৩০ দশমিক ৮ পয়েন্ট থেকে বেশি। এটি ছিল ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ স্কোর, যদিও ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর ২০২২ সালের মার্চ মাসের রেকর্ড সর্বোচ্চ শিখর থেকে প্রায় ১৭ শতাংশ কম।
এফএও-এর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরোরো এক বিবৃতিতে বলেন, “বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দামে আগস্ট মাসের এই বৃদ্ধি একটি সতর্কবার্তা যে খাদ্য বাজারে ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্য ফিরে আসছে: জলবায়ুগত অভিঘাত, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিঘ্নিত বাণিজ্য সরবরাহ ব্যবস্থা একত্রিত হয়ে সরবরাহের প্রত্যাশাকে আরো সংকুচিত করছে।”
এফএও-এর তথ্য অনুযায়ী, খাদ্যশস্য, ভোজ্য তেল, চিনি, মাংস এবং দুগ্ধজাত পণ্যের মূল্যমান আগস্ট মাসে বৃদ্ধি পেয়েছে। এতে বলা হয়েছে, ইউরোপের চরম আবহাওয়া ভুট্টা ও সুগার বিটের ফসল এবং গবাদি পশুর উৎপাদনের সম্ভাবনাকে প্রভাবিত করেছে, অন্যদিকে প্রত্যাশিত এল নিনো ঘটনা এশিয়ায় পাম তেল এবং চিনির উৎপাদন নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
কৃষ্ণ সাগরে ক্রমবর্ধমান আক্রমণ রাশিয়া ও ইউক্রেনের সাড়ে চার বছরের যুদ্ধে শস্য চালান কমিয়ে দিয়েছে। অন্যদিকে মার্কিন-ইরান সংঘাত ফসলের জন্য সারের প্রবাহে চাপ সৃষ্টি করছে।
খাদ্যপণ্যের বিভিন্ন বিভাগের মধ্যে, এফএও-এর শস্যমূল্য সূচক মাসিক ২ দশমিক ২ শতাং বৃদ্ধি পেয়ে মে ২০২৪-এর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং উদ্ভিজ্জ তেল সূচক শূন্য দশমিক ৬ শতাংশ সামান্য বেড়ে জুন ২০২২-এর পর সর্বোচ্চ হয়েছে।
ইউরোপ ও এশিয়ায় আবহাওয়াজনিত উদ্বেগের পাশাপাশি ব্রাজিলের গুরুত্বপূর্ণ মধ্য-দক্ষিণ অঞ্চলে উৎপাদন হ্রাসের কারণে সংস্থাটির চিনির সূচক ১১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের জুন মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।